
আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৭ এএফসি এশিয়ান কাপ। তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
পরিবর্তিত সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ২৩ ডিসেম্বর। প্রতিযোগিতা চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, ‘অঞ্চলটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যতিক্রমী পরিস্থিতি, উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং যাতায়াত বিঘ্নের বিষয় বিবেচনায় নিয়ে এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তনের অনুমোদন দিয়েছে। নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটি আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্টটি স্থগিত করা প্রয়োজন হয়ে পড়েছে।’
এর আগে, প্রায় এক মাস আগেও এএফসির সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারেই মহাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে ওই সময়ের মধ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের সংঘাত আরও তীব্র হয়ে ওঠে।
হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের বেশ কয়েকটি স্থাপনা। দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও মাত্র ১১ দিনের ব্যবধানে অন্তত ২০টি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০০ জনের বেশি।