
স্টিয়ারিং হুইল ও পেডেল ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম টেসলার আলোচিত দুই আসনের বৈদ্যুতিক গাড়ি ‘সাইবারক্যাব’ এবার আনুষ্ঠানিকভাবে চালকহীন পরিষেবায় যুক্ত হতে যাচ্ছে। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে রোবোট্যাক্সি হিসেবে গাড়িটির বাণিজ্যিক যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। স্বায়ত্তশাসিত পরিবহন প্রযুক্তির ক্ষেত্রে এটিকে বড় ধরনের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে টেসলা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে টেসলার রোবোট্যাক্সি বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে গাড়িটির কার্যক্রম শিগগিরই শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্টিনে সাইবারক্যাব চালু করতে প্রস্তুতি নিচ্ছে টেসলা। প্রাথমিক পর্যায়ে কোম্পানির নিজস্ব কর্মীদের এটি ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। পরে অস্টিনে চালু থাকা রোবোট্যাক্সি সেবায় সাইবারক্যাব যুক্ত করা হবে।
তবে বাণিজ্যিকভাবে সেবা চালুর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে স্টিয়ারিং হুইলবিহীন গাড়ি ব্যবহার করে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা পরিচালনার অনুমতি নেই। অবশ্য বিশেষ অনুমোদন পাওয়ার সুযোগ রয়েছে।
টেসলার বর্তমান রোবোট্যাক্সি সেবায় মডেল ওয়াই ব্যবহার করা হচ্ছে। ফলে সাইবারক্যাবের যাত্রা শুরু প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। ভবিষ্যতে বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনায় থাকা গাড়িগুলোর মধ্যে এটি অন্যতম। প্রচলিত গাড়ির তুলনায় এর নকশা ও ব্যবহার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। গাড়িটিতে মাত্র দুটি আসন রয়েছে এবং কোনো স্টিয়ারিং হুইল নেই। মূলত স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিবহনের জন্যই এটি তৈরি করা হয়েছে। গাড়িটির চলাচল ও যাত্রী পরিবহনের পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির ওপর নির্ভর করবে।
বর্তমানে টেসলার রোবোট্যাক্সি সেবা ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কিছু এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে চালু রয়েছে। এসব সেবা পরিচালনায় ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিটি উন্নত হলেও এখনো এর কিছু সীমাবদ্ধতা রয়েছে।
সূত্র: ম্যাশেবল