
দীর্ঘ সাত দিনের ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে দেশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই খুলে গেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস, সঙ্গে শুরু হয়েছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের কার্যক্রম।
এদিন থেকে অফিস-আদালতে নিয়মিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ কর্মদিবস ছিল ১৬ মার্চ। এরপর ১৭ মার্চ থেকে শুরু হওয়া টানা সাত দিনের ছুটি শেষ হয় সোমবার (২৩ মার্চ)।
ছুটি শেষে সরকারি ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে আগের মতোই নির্ধারিত সময়সূচি চালু হয়েছে। একই সঙ্গে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও রোজার আগের সময়সূচিতে ফিরে এসেছে।
ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন শুরু হচ্ছে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অন্যদিকে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। সংশ্লিষ্ট অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
চলতি বছর ঈদুল ফিতরের ছুটি বাড়িয়ে সাত দিন করা হয়েছিল। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝখানে ১৮ মার্চ একটি কর্মদিবস থাকলেও নির্বাহী আদেশে সেটিকেও ছুটি ঘোষণা করা হয়।
তবে কর্মব্যস্ততায় ফেরার মধ্যেই আবারও স্বল্প বিরতির সুযোগ আসছে চাকরিজীবীদের জন্য। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হওয়ায় তারা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।