
অনলাইনে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে পরিচালিত বিভিন্ন মোবাইল অ্যাপ নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাপে নিবন্ধনের সময় ব্যবহারকারীর ফোনে থাকা কনট্যাক্ট নম্বরসহ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য, ছবি, ভিডিও এবং খুদে বার্তা সংগ্রহ করে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি এমন কিছু ঘটনা নজরে এসেছে, যেখানে এসব অ্যাপের মাধ্যমে ঋণ নেওয়ার পর গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক অঙ্কের অর্থ পরিশোধের দাবি করা হচ্ছে। পাশাপাশি ব্ল্যাকমেইল, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য বা ছবি প্রকাশের হুমকি এবং নানাভাবে হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ সম্পূর্ণ অবৈধ। একই আইনের ৩৭(১) ধারায় এ ধরনের কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদন ছাড়া এসব অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরাসরি শাস্তিযোগ্য অপরাধে জড়িত হচ্ছেন। অন্যদিকে, এসব অ্যাপে নিবন্ধন করে ঋণ নেওয়া এবং এর মাধ্যমে আর্থিক লেনদেন করাও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাদেশ ব্যাংক ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে অ্যাপগুলোকে ফোনের কনট্যাক্ট তালিকা, ছবি, ভিডিও ও খুদে বার্তায় প্রবেশের অনুমতি দিলে পরবর্তীতে গ্রাহক ছাড়াও তার পরিচিতজনদের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অনলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত বেআইনি ঋণ কার্যক্রমে অংশ না নিতে সবাইকে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবাদাতার বৈধতা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।