
বিদেশে অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগে নাম জড়ানোর পর মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার শ্বশুর ও চলচ্চিত্র প্রযোজক বাসু ভগনানির প্রযোজনা প্রতিষ্ঠান প্যানোরামা স্টুডিওকে ঘিরে আয়কর বিভাগের তল্লাশির ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, রাকুল প্রীত এক বিবৃতিতে বলেন, ‘বিষয়টি স্পষ্টভাবে পরিষ্কার করে দেয়া যাক। এই তল্লাশি আমার সঙ্গে সম্পর্কিত ছিল না।’
নিজের পারিবারিক ও পেশাগত পরিচয় তুলে ধরে অভিনেত্রী বলেন, তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। চলচ্চিত্রজগতে তার কোনো গডফাদার ছিল না এবং কঠোর পরিশ্রম করেই তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে ২০ বছর বয়স থেকে নিয়মিত কর দিয়ে আসছেন বলেও জানান তিনি।
রাকুল প্রীত আরও দাবি করেন, ব্যক্তিগতভাবে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে কোনো ধরনের অবৈধ বৈদেশিক অর্থ পাঠানোর সঙ্গে তিনি জড়িত নন। দেশে বা বিদেশে তার কোনো বেনামি সম্পত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি। এমনকি কেউ তাকে কোনো সম্পত্তি উপহার দেয়নি এবং নীতিগতভাবেই তিনি মূল্যবান উপহার গ্রহণ করেন না বলে জানান।
অভিনেত্রীকে ঘিরে প্রকাশিত কিছু সংবাদ প্রতিবেদন নিয়েও আপত্তি জানিয়েছেন রাকুল প্রীত। এসব প্রতিবেদনকে ‘সত্যতার অভাব’ উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে প্রকাশিত তথ্য প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান।
তিনি বলেন, ‘যারা এই মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করেছেন, তাদের কাছে অনুরোধ রইল―সেসব প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার জন্য।’
রাকুল প্রীত আরও বলেন, একটি প্রতিষ্ঠান পরিচালনায় বাণিজ্যিক চাপ থাকা স্বাভাবিক। তবে সেই চাপের কারণে তথ্যের সঙ্গে আপস করা উচিত নয়। কোনো ব্যক্তির সুনাম ও জীবিকার বিনিময়েও তা হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের সন্দেহে মুম্বাই আয়কর বিভাগ ১২টি স্থানে তল্লাশি চালায়। তদন্তকারীদের ধারণা, চলচ্চিত্র প্রকল্পে অর্থায়নের আড়ালে বিদেশে অর্থ পাচার করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আয়কর বিভাগের কর্মকর্তারা বিভিন্ন নথি, আর্থিক রেকর্ড এবং কথিত বিদেশি লেনদেনের তথ্য যাচাই করছেন।
আয়কর বিভাগের দুই দিনের তল্লাশি শেষে প্রযোজক বাসু ভগনানি লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানা গেছে।
এদিকে গত বছরের ডিসেম্বরে মাদকসংক্রান্ত একটি মামলায় রাকুল প্রীতের ভাই আমান প্রীত সিংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তল্লাশি চালিয়েছিল মুম্বাই পুলিশ। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল’ এনফোর্সমেন্ট (ইগল) ফোর্স ও ওয়েস্ট জোন পুলিশের অভিযানে মাদক বিক্রির অভিযোগে দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৩ গ্রাম কোকেন ও ১১.৫ গ্রাম এমডিএমএ জব্দ করা হয়েছিল।
তদন্তকারীদের সন্দেহ ছিল, ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে আমান প্রীত সিং পাঁচবার মাদক কিনেছিলেন।
অভিনয়ের দিক থেকে রাকুল প্রীতকে সর্বশেষ ‘পতি পত্নী অউর ওহ ২’ সিনেমায় দেখা গেছে। পাশাপাশি রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় রাবণের বোন শূর্পণখার চরিত্রে অভিনয় করছেন তিনি।