
ভাজা মুরগির দোকানে তারকা অতিথির সঙ্গে মুখোমুখি বসা, মাঝেমধ্যে দীর্ঘ নীরবতা, অপ্রস্তুতকর পরিস্থিতি আর আচমকা ফ্লার্ট—এই অপ্রচলিত সাক্ষাৎকারের ধরন দিয়েই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ব্রিটিশ উপস্থাপক ও কনটেন্ট নির্মাতা অ্যামেলিয়া ডিমোল্ডেনবার্গ। তবে দীর্ঘ এক দশকের সেই যাত্রায় এবার টান পড়ছে পর্দা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অ্যামেলিয়া ঘোষণা দিয়েছেন, তার জনপ্রিয় ইউটিউব অনুষ্ঠান ‘চিকেন শপ ডেট’ শেষবারের মতো সম্প্রচারিত হতে যাচ্ছে। এক দশকের বেশি সময়ে শতাধিক তারকার সঙ্গে ডেটের আবহে সাক্ষাৎকার নেওয়া অনুষ্ঠানটি অনলাইন সংস্কৃতিতে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে।
বড় তারকাদের দিয়ে অবশ্য অ্যামেলিয়ার পথচলা শুরু হয়নি। কিশোর বয়সে দক্ষিণ লন্ডনের গ্রাইম শিল্পীদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে তিনি কাজ শুরু করেন। এরপর ২০১৪ সালে চালু করেন ‘চিকেন শপ ডেট’। অনুষ্ঠানের শুরুর দিকে অতিথিদের ক্যামেরার সামনে আনাই ছিল তার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।
২০২০ সালে অভিনেতা ড্যানিয়েল কালুইয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ওই পর্বে অ্যামেলিয়া বলেছিলেন, রাস্তায় কেউ তাকে ‘চিকেন’ বলে ডাকলে তিনি ঘুরে তাকান। কালুইয়ার সঙ্গে সেই সাক্ষাৎকারটি প্রায় ৫০ লাখবার দেখা হয়। এরপর অনুষ্ঠানে একে একে হাজির হন পল ম্যাককার্টনি, ল্যান্ডো নরিস ও শানিয়া টোয়েনের মতো তারকারা।
অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত পর্বগুলোর একটি ছিল জেনিফার লরেন্সকে নিয়ে। ২০২৩ সালের ওই সাক্ষাৎকারে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার সময় লরেন্স হঠাৎ অ্যামেলিয়াকে ‘ফিবি’ নামে ডাকেন। ভুল নামে ডাকার পর দুজনের হাসির সেই দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
২০২৪ সালে ‘চিকেন শপ ডেট’-এ হাজির হন সাবরিনা কার্পেন্টার। তবে তিনি অনুষ্ঠানটিকে জনপ্রিয় আরেক শো ‘হট ওয়ান’-এর সঙ্গে গুলিয়ে ফেলেন। একই বছর অ্যামেলিয়াও ‘হট ওয়ান’-এ অংশ নেন এবং সেখানে ঝাল খাবারের চ্যালেঞ্জ গ্রহণ করেন।
অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে অ্যামেলিয়ার সাক্ষাৎকারটি আবার ভিন্ন কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রে আসে। পর্দায় দুজনের স্বতঃস্ফূর্ত কথোপকথন ও রসায়ন দেখে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। গারফিল্ডও স্বীকার করেছিলেন, তাদের মধ্যে কিছুটা রসায়ন ছিল। তবে পরে অ্যামেলিয়া স্পষ্ট করেন, তারা কেবল বন্ধু।
বিলি আইলিশ ও এইচের সঙ্গে অ্যামেলিয়ার পর্ব নিয়েও একই ধরনের আলোচনা হয়েছিল। যদিও তাদের কারও সঙ্গেই বাস্তব সম্পর্কের বিষয়টি নিশ্চিত হয়নি।
লুই থেরুর সঙ্গে ২০২২ সালের সাক্ষাৎকারটিও অনুষ্ঠানের ভাইরাল মুহূর্তগুলোর একটি। ওই পর্বে থেরুর পুরোনো র্যাপ গান ‘জিগল জিগল’ নিয়ে আলোচনা করেন অ্যামেলিয়া। প্রায় দুই দশক আগের গানটির কথা থেরুর তখনও ভালোভাবে মনে ছিল। পরে সংগীত প্রযোজক ডিউক অ্যান্ড জোন্সের তৈরি গানটির সংস্করণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।
‘চিকেন শপ ডেট’-এর জনপ্রিয়তার বড় কারণ ছিল এর অস্বস্তিকর অথচ হাস্যরসাত্মক পরিবেশ। প্রচলিত সাক্ষাৎকারের কাঠামো থেকে বেরিয়ে অ্যামেলিয়া অতিথিদের সঙ্গে এমনভাবে কথা বলতেন, যেন তারা সত্যিই প্রথম ডেটে বসেছেন। দীর্ঘ নীরবতা, অপ্রত্যাশিত প্রশ্ন কিংবা ব্যক্তিগত প্রসঙ্গ তুলে অতিথিকে বিব্রত করে ফেলা—এসবই অনুষ্ঠানের নিজস্ব বৈশিষ্ট্যে পরিণত হয়।
এক দশকের বেশি সময় ধরে সেন্ট্রাল সি, ডিগা ডি ও রোসালিয়াসহ বহু তারকা অ্যামেলিয়ার এই ‘ডেটে’ অংশ নিয়েছেন। যদিও দ্বিতীয় ডেটের ক্ষেত্রে তার সাফল্য ততটা দেখা যায়নি।
বিদায়ী বার্তায় অ্যামেলিয়া লিখেছেন, ১৭ বছর বয়সে তিনি ভাবতেন, হয়তো কোনো একদিন চিকেন শপে ডেটে গিয়ে জীবনের ভালোবাসার মানুষটির দেখা পাবেন। এরপর তার বিশের পুরো দশক কেটে গেছে এমন সব অসাধারণ মানুষের মুখোমুখি বসে, যাঁদের সঙ্গে দেখা করার স্বপ্ন তিনি দেখতেন।
অস্বস্তিকর নীরবতা, অদ্ভুত প্রশ্ন আর তারকাদের সঙ্গে ব্যতিক্রমী ‘ডেট’-এর সেই অধ্যায় এবার শেষ হতে যাচ্ছে। তবে ‘চিকেন শপ ডেট’-এর হাত ধরে অ্যামেলিয়া নিজেই যে একজন তারকায় পরিণত হয়েছেন, তা নিয়ে কোনো সংশয় নেই।
সূত্র: বিবিসি