আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হচ্ছে।
তেলের বাজারে এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাকে দেখা হচ্ছে। বিশেষ করে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা ও হামলার চেষ্টা বেড়ে যাওয়ায় সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রয়টার্স জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে হরমুজ প্রণালির আশপাশে তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাংকারে অন্তত ১২টি হামলা, হামলার চেষ্টা ও অন্যান্য হয়রানির ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এক সপ্তাহে এটিই সর্বোচ্চ ঘটনা।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বাজারে সরবরাহ বাড়াতে কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার প্রক্রিয়া দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাজার বিশ্লেষকদের মতে, মজুত থেকে তেল ছাড়ার উদ্যোগ সাময়িক স্বস্তি দিতে পারে; এতে নতুন উৎপাদন সক্ষমতা তৈরি হবে না।