
গ্ল্যামার জগতে অনেকেই দ্রুত সাফল্যের শিখরে পৌঁছালেও সময়ের স্রোতে হারিয়ে যান। তবে ধৈর্য, পরিশ্রম আর লড়াকু মানসিকতা দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন বিদ্যা সিনহা মিম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প তুলে ধরেন এই অভিনেত্রী।
নিজের সংগ্রামের কথা স্মরণ করে মিম বলেন, সাফল্য অর্জনের চেয়েও সেটিকে ধরে রাখা কঠিন। তার ভাষায়, “কখনো আমি হাল ছাড়ি নাই। এই প্ল্যাটফর্মে উইনার হতে যেমন কষ্ট, তার থেকেও বেশি কষ্ট জায়গাটা ধরে রাখা।”
মিমের মতে, ধৈর্য ও নিয়মানুবর্তিতাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এতদিন টিকে থাকার পেছনে ধৈর্য, ডিসিপ্লিন আর কাজের প্রতি নিষ্ঠাই মূল ভূমিকা রেখেছে।”
তিনি আরও জানান, জীবনে ব্যর্থতা আসবেই, তবে তাতে দমে গেলে চলবে না। নিজের লড়াকু মানসিকতার কথা তুলে ধরে মিম বলেন, “কখনো কোনো কিছু না হলে আমি ভাবি—এটা হয়নি, অন্যটা হবে। আমি সবসময় নিজেকে উৎসাহ দিই।”
দীর্ঘ পথচলায় নানা বাধা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছানো মিমের এই দৃঢ়তা ও ইতিবাচক মানসিকতাই তাকে এখনও শোবিজ অঙ্গনে প্রাসঙ্গিক করে রেখেছে।