
জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে দেশজুড়ে চালু হওয়া ‘ফুয়েল পাস’ কার্যক্রম আরও বিস্তৃত হলো। নতুন করে ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার।
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ১৯ জেলায় আজ থেকেই নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ধাপে ধাপে দেশের সব জেলায় এই নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এর আগে গত ১৮ এপ্রিল জানানো হয়েছিল, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলট প্রকল্প সম্প্রসারণের অংশ হিসেবে মোটরসাইকেল নিবন্ধন শুরু হয়েছে ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ অঞ্চলে নিবন্ধিত মোটরসাইকেলগুলোর জন্য।
উল্লেখ্য, ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে।
প্রাথমিকভাবে এই অ্যাপটি মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য চালু করা হয়েছে। পাইলট কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে এটি দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।