
আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ট্যাংকারটিতে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে বলে জানিয়েছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি।
‘আল মায়েদা’ নামের ট্যাংকারটির কোনো ক্রু এ ঘটনায় আহত হননি। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে কাতারি প্রতিষ্ঠানটি। হামলায় পরিবেশের ওপরও কোনো প্রভাব পড়েনি।
গ্যাস পরিবহনকারী প্রতিষ্ঠানটি জানায়, ‘নৌযানটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং সচল আছে। হামলায় কী ধরনের প্রভাব পড়েছে, তা নিরূপণ করা হচ্ছে।’
ট্যাংকারটিতে কারা বা কী কারণে হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরব উপসাগর পারস্য উপসাগর নামেও পরিচিত। এ উপসাগর থেকে হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচল করে।
শর্ত পূরণ হলে দুই দিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান
যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্তগুলো পূরণ করলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের স্বীকৃতি দিতে হবে যুক্তরাষ্ট্রকে।
সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, ইরানের অন্যান্য শর্তের মধ্যে রয়েছে—ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছে, সেগুলো প্রত্যাহার; মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি কমানো; ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগের ঘোষণা পুনর্বহাল এবং বিদেশে জব্দ করা ইরানের অর্থ ছাড় করা। এর মধ্যে কাতারে আটকে থাকা অর্থও রয়েছে।
এ ছাড়া হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নৌপথ ছাড়া অন্য সব রুট বন্ধ এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধের শর্ত দিয়েছেন আরাঘচি। বিশেষ করে লেবাননে হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
সূত্র: আলজাজিরা।