.webp)
২০২৬ সালের আলিম পরীক্ষায় পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ, আর ছাত্রদের ৫৮ দশমিক ১০ শতাংশ। সব মিলিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আলিম পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৫৪৭ জন। তাঁদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন। পাসের হারে ছাত্রীরা ছাত্রদের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্ররা এগিয়ে। এ বছর ছাত্রদের মধ্যে ২ হাজার ২৮ জন এবং ছাত্রীদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ-৫ পেয়েছেন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ফলাফলে দেখা গেছে, আলিম পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রদের অবস্থান এগিয়ে।