
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে শোকস্তব্ধ প্রতিবেশী ইরাক। এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাগদাদ সরকার।
রোববার (১ মার্চ) ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদি-এর বরাতে বিষয়টি জানিয়েছে ইরাকি নিউজ এজেন্সি।
বাসেম আল আওয়াদি বলেন, ‘গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ ও সমগ্র ইসলামী উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি।’ তিনি আরও অভিযোগ করেন, মানবিক ও নৈতিক বিধি লঙ্ঘন করে প্রকাশ্য আগ্রাসনের মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়েছে এবং এতে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ঘটেছে।
রোববার (১ মার্চ) ভোরে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে, ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে খামেনির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
খবরে আরও বলা হয়েছে, ওই হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। ট্রাম্প দাবি করেন, খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা মার্কিন গোয়েন্দা সংস্থা ও উন্নত ট্র্যাকিং ব্যবস্থার নজরদারি এড়াতে সক্ষম হননি।