
ইরানে অস্ত্র ও অবৈধ পণ্যের প্রবেশ এবং দেশটি থেকে এসব পণ্যের বহির্গমন নিয়ন্ত্রণে স্থলপথে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ জন্য ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই উদ্যোগের মাধ্যমে ইরানের ওপর চলমান নৌ অবরোধের পরিধি আরও বাড়াতে চায় ওয়াশিংটন।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন বাহিনীটি পুরোপুরি কার্যক্রম শুরু করেছে। তাঁর দাবি, ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের পাশাপাশি এই পদক্ষেপের ফলে ইরানে পণ্য আনা-নেওয়া আরও কঠিন হয়ে উঠবে।
এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের কথা জানায়। আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ আরও শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবে বাহিনীটি গঠন করা হয়েছে।
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ভাষ্য, নতুন এই বাহিনীর তৎপরতায় সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত বাড়ানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও কমে আসবে।
ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যদের রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা। ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাই বাহিনীটির মূল লক্ষ্য।
এদিকে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ব্যর্থ বলে আখ্যা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, বিভিন্ন নাম ও পরিকল্পনার আড়ালে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অবরোধ কার্যকরের চেষ্টা করছে, তা কোনোভাবেই সফল হবে না।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি আরও বলেন, ইরানের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দেশটির অর্থনীতি ধসিয়ে দেওয়া কিংবা রাষ্ট্রকে ভেঙে ফেলার লক্ষ্য অর্জন করতে পারবে না ওয়াশিংটন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের যোগাযোগ ও বাণিজ্যের পথ বন্ধ করার সক্ষমতাও যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেন আইআরজিসির এই মুখপাত্র।
অন্যদিকে, সেন্টকমের দাবি, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটির ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে গেছে।