
ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ এবং পশ্চিমতীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একইসঙ্গে, জেরুজালেমে ইসরায়েলি কর্তৃত্ব আরও জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কাৎজ বলেন, “তিসা বা’আভের দিন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।”
তিনি আরও লেখেন, “ইসরায়েলকে ঘৃণা করে এমন গোষ্ঠীরা আমাদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে এবং বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তবে আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করব।”
কাৎজ জানান, তিনি পশ্চিম দেওয়ালে উপস্থিত ছিলেন এবং সেখানে ইসরায়েলি সেনা, জিম্মিদের নিরাপত্তা, হামাসের পরাজয় ও দেশের জনগণের মঙ্গলের জন্য প্রার্থনা করেন।
এর আগে একই দিন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আল-আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন। যদিও আল-আকসায় ইহুদি উপাসনা নিষিদ্ধ, তবুও তাঁর এমন কর্মকাণ্ড তীব্র নিন্দার মুখে পড়েছে।
সৌদি আরব এই ঘটনাকে "উসকানিমূলক" হিসেবে বর্ণনা করে বলেছে, “আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উসকানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে।”
আল-আকসা মসজিদের তত্ত্বাবধানে রয়েছে জর্ডান সরকার, যা একটি ইসলামিক ওয়াকফের মাধ্যমে পরিচালিত হয়। এক পুরোনো চুক্তি অনুযায়ী, এ মসজিদে শুধুমাত্র মুসলমানরাই উপাসনা করতে পারেন। অন্য ধর্মাবলম্বীদের সেখানে উপাসনার অনুমতি নেই, তবে ইহুদিদের মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল