
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে কাতার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের টেলিভিশন।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরান-এর একাধিক এলাকায় কাতারের সামরিক বাহিনী আঘাত হেনেছে। যদিও কাতার সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে কাতারের হামলার পর শিগগিরই সৌদি আরবও পাল্টা হামলা শুরু করতে পারে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইরানের হামলার জবাবে সৌদি আরব সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত-এ অন্তত তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি।
তার ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনে ইরান থেকে আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।
বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে ইরানের চলমান সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। গত চার দিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে বিভিন্ন দেশের নাগরিক হতাহত হয়েছেন; তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল