
ফেব্রুয়ারি মাসের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম জানার অপেক্ষায় ভোক্তারা। চলতি মাসের জন্য এলপিজির মূল্য পুনর্নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপির ভিত্তিতে বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হচ্ছে। এ সংক্রান্ত কমিশনের নির্দেশনা সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকাস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকাস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।
এর আগে জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা। তার আগের মাস ডিসেম্বরে একই পরিমাণ সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ২৫৩ টাকা, যা নির্ধারণ করেছিল বিইআরসি।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। সেই সিদ্ধান্তের পর থেকেই প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।