
ভোলা সদর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার ফল নিয়ে মানসিক চাপে তৈয়বা জাহান চৈতি (১৬) নামে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ইংরেজি ও গণিত পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।
সোমবার (৪ মে) দুপুরে ভোলা সদরের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত চৈতি শহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. শাহাবুদ্দিন ফকির ভোলা কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে প্রত্যাশিত ফল না আসায় চৈতি গভীর মানসিক চাপে ছিলেন। ঘটনার সময় তার বাবা বাইরে এবং মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন।
পরে দীর্ঘ সময় সাড়া না পেয়ে তার মা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিকেলে মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নেওয়া হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরীক্ষার ফল যাই হোক না কেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চৈতি পরিবারের একমাত্র সন্তান ছিল এবং সে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল।