
কক্সবাজারে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আউটার ক্যাম্পাসে নির্মাণাধীন সেতুর কাজ চলাকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তারা গত প্রায় এক মাস ধরে ওই প্রকল্পে কাজ করছিলেন।
নির্মাণকাজে নিয়োজিত প্রত্যক্ষদর্শী শ্রমিক আব্দুল খালেক জানান, ক্যাম্পাসের ভেতরে একটি সংযোগ সেতুর নির্মাণকাজ চলছিল। কাজের অংশ হিসেবে শ্রমিকরা পাহাড় কেটে মাটি অপসারণ করছিলেন, ঠিক তখনই ওপর থেকে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। মুহূর্তেই কয়েকজন শ্রমিক মাটিচাপা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর শ্রমিকদের চিৎকার শুনে ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ভারী যন্ত্রপাতি ছাড়াই প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা মাটিচাপা পড়া শ্রমিকদের উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত আহতদের শরীরের বিভিন্ন অংশে মুখমণ্ডল, মাথা, হাত-পা ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।
নিরাপত্তা ঘাটতির অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুর রহিম মজুমদার রনি দাবি করেন, শ্রমিকরা সব ধরনের নিরাপত্তা বিধি মেনেই কাজ করছিলেন। তবে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ায় তিনজন শ্রমিক মাটিচাপা পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।