
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাইকিং করে পুনরায় সংঘর্ষের ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর থেকেই জগৎপুরা, গোলপেচা এবং আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওতে মাইকিংয়ের মাধ্যমে আগামীকাল শুক্রবার সকাল ৭টায় লোকজনকে সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশ ও প্রশাসনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গুজব ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।