
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে শনিবার প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
‘বাল্ড রেঞ্জ’ নামের দাবানলটি মাত্র এক রাতের মধ্যে প্রায় দ্বিগুণ বিস্তৃত হয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ঝুঁকি থাকায় সামারল্যান্ড, পিচল্যান্ডসহ ওকানাগান লেকের পশ্চিম তীরবর্তী বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মকর্তারা বলছেন, আগুনের পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর তীব্রতাও বাড়ছে। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি জানান, দাবানলের আগুনের শিখা প্রায় ১০০ ফুট উঁচু গাছে পৌঁছে আরও ২০০ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আগুনের কারণে নিজস্ব আবহাওয়াও তৈরি হচ্ছে, যার ফলে বজ্রপাত সৃষ্টি হয়ে আগুনের বিস্তার আরও বাড়ছে।
দাবানলে ইতোমধ্যে বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে গেছে। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় কিছু মানুষ বিভিন্ন এলাকায় আটকা পড়েছিলেন, পরে তাদের উদ্ধার করা হয়। নিরাপদ আশ্রয়ের জন্য অনেক বাসিন্দা দক্ষিণে পেন্টিকটন এবং উত্তরে কেলোনার দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পরবর্তী সময়ে কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়াজুড়ে ১ হাজার ৫০০-এর মতো দমকলকর্মী ১০০টির বেশি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। প্রদেশটির ৪০টি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৪৯টি এলাকায় জারি করা হয়েছে সর্তকতা।
এদিকে চলতি বছর কানাডাজুড়ে দাবানলে প্রায় ৪০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে চলমান গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি আরও বাড়ছে।