
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে শুধু চিকিৎসা যথেষ্ট নয়; দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মতো আর্থসামাজিক সমস্যারও সমাধান করতে হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, প্রধানমন্ত্রীর কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ অসহায় মানুষের আর্থিক উদ্বেগ কমাতে ভূমিকা রাখবে।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে চিফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক বিরোধ ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ পরিস্থিতি মোকাবিলায় মানসম্মত শিক্ষা, নৈতিকতা, কর্মসংস্থানের সুযোগ এবং মানুষের প্রতি সহমর্মিতা বাড়ানো প্রয়োজন।
তরুণদের মাদক থেকে দূরে রাখতে দক্ষতা উন্নয়নের তাগিদ
নূরুল ইসলাম মনি বলেন, তরুণদের মাদকাসক্তি থেকে রক্ষা করতে চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা বাড়ানো এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতাও বিকশিত করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করা জরুরি। একই সঙ্গে সংকটে পড়া মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ এবং ড. নায়লা পারভীনসহ অন্যরা।