
পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে প্রাণিসম্পদবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুল্যাতলী আর্মি ক্যাম্পে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ। এতে দুল্যাতলী ইউনিয়নের ১৫ জন প্রান্তিক খামারি অংশ নেন।
প্রশিক্ষণে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনে সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে। পাশাপাশি পশু-পাখির মৃত্যুহার কমানো এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়।
এ সময় দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।