
ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে টার্গেট করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবর ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্যবস্তু করা হলেও তারা দুজনই অক্ষত রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্রের বরাতে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ আছেন।
অন্যদিকে এক ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে তেহরানে নেই; তাকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনা এবং প্রেসিডেন্টের ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা তোমাদের সতর্ক করেছিলাম। এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।’
