
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
তিনি জানান, প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
অগ্নিকাণ্ডের কারণ এবং এ ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।