
রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নিয়ে এশিয়ান গেমসের হকি বাছাই পর্বে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুক্রবার (১০ এপ্রিল) স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে পরাজিত করে লাল-সবুজের দল। এর আগের দিন হংকংকে হারিয়ে আসন্ন এশিয়ান গেমসে খেলার যোগ্যতা নিশ্চিত করেছিল বাংলাদেশ।
টুর্নামেন্টের শুরুতেই চাইনিজ তাইপের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও একই প্রতিপক্ষকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জয় তুলে নেয় আমিরুলের দল।
ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন আশরাফুল। তবে তিন মিনিট পরই সমতা ফেরায় চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে আশরাফুল বাংলাদেশকে এগিয়ে নেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল।
বিরতির পর মাঠে নেমেই সমতা ফেরায় চাইনিজ তাইপে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের—মেহরাব হোসেন সামিনের গোলে আবারও এগিয়ে যায় দল। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে চাইনিজ তাইপে এবং একাধিক পেনাল্টি কর্নার পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ, আর তাতেই বাছাই পর্বে পঞ্চম স্থান নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের।