
পাবনার চাটমোহরে হিন্দু ধর্মালম্বীদের দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে স্যোশাল মিডিয়ায় দেওয়ার অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক ওই গ্রামের মোহর চাঁদের ছেলে ও চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
মামলা সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া চড়ক পূজা নিয়ে আওলাদ হোসেন একটি ভিডিও বানান। সেখানে তিনি হিন্দুদের দেব-দেবী ও হিন্দু ধর্মালম্বীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গত বুধবার (১৬ এপ্রিল) ভিডিওটি কেসিপি মিন্টু ব্লগস নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেন। এরপরেই ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের নজরে আসে এবং সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
শুক্রবার এ ঘটানর প্রেক্ষিতে আওলাদ হোসেনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে সমীর বিশ্বাস নামের এক ব্যক্তি বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ আওলাদ হোসেনকে আটক করে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চাটমোহর সম্প্রীতির শহর। এখানে ধর্ম নিয়ে কখনোই কোনো অপ্রীতিকর কখনো কোনো ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, থানায় ধর্মঅবমাননার অভিযোগে মামলা হয়েছে। আওলাদ হোসেন নামের ওই যুববকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।