
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একই রাতে থানার ফটক ও বাজার এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এসব বিস্ফোরণ হলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে থানার ফটকের সামনে কে বা কারা ককটেল সদৃশ একটি বস্তু ছুড়ে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেটি বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়। একই সময়ে গোমস্তাপুর বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, দুই ঘটনায় কেউ আহত না হলেও বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব করা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং পুরো উপজেলায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।