-6aaf7e2cdc207.webp)
বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের সময়ে দুই দেশের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ে ২+২ মেকানিজম চালুর প্রক্রিয়া শুরু হওয়ার কথাও উল্লেখ করেন হুমায়ুন কবির।
অন্যদিকে, বাংলাদেশে তিন বছর নয় মাসের দায়িত্বকালকে অত্যন্ত সম্মানের সময় হিসেবে উল্লেখ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এ সময় তিনি তাকে অভিনন্দনও জানান।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
সাক্ষাতের শেষ পর্যায়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আগামী দিনের সাফল্য কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।