
ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান।
আটক ছাত্রদল নেতা ইমরান হোসেন ওরফে আইকন গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।
স্থানীয়রা বলছে, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামের ছহূর উদ্দিনের ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালক আলম মিয়া ও আটক ছাত্রদল নেতার ফুফু আছিয়া বেগম প্রতিবেশী। আলম মিয়ার বাড়ি প্রবেশপথের জমি নিয়ে আছিয়া বেগমের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে তিন মাস আগে স্থানীয়ভাবে শালিসে আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে আলম ক্ষুব্ধ ছিলেন।
বৃহস্পতিবার বিকালে ইমরানের ফুফু আছিয়া বেগমের বাড়ির সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে হৈচৈ করেন আলম। খবর পেয়ে ছাত্রদল নেতা ইমরান লোকজন নিয়ে আলমকে ধরে জনৈক কামালের বাড়িতে আটকে রেখে পিটিয়ে হত্যা করে লাশ বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালকের মা নাছিমা বেগম বলেন, “আমার বোকা প্রতিবন্ধী পোলাডারে এরা পিডাইয়া মাইরালছে। আমি বিচার চাই। আল্লাহ্ অহন কেডা আমারে মা কইয়া ডাকব?”
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, “লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”