
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন।
বিমানবন্দরে রওনা হওয়ার আগে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
পেজেশকিয়ানের সফরের সময়সীমা পাঁচ দিন। সফরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি জানিয়েছেন।
এদিকে পেজেশকিয়ানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হলেও তাঁর সঙ্গে থাকা মিডিয়া টিমের কয়েকজন সদস্যকে ভিসা দেওয়া হয়নি বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। তেহরান এ ঘটনাকে বৈরী আচরণ হিসেবে বর্ণনা করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন। তিনি এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন।
পেজেশকিয়ানের এবারের সফর এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরু করার পর ইরান পাল্টা হামলা চালায়।
এর পাশাপাশি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধও চলছে। মঙ্গলবার এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ ও ইরানের বন্দর অবরোধ শিথিল করলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে তেহরান প্রস্তুত।
জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক মঙ্গলবার নিউইয়র্কে শুরু হয়েছে। দিনের শুরুতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বক্তব্য দেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেন।
পেজেশকিয়ানের জাতিসংঘ সফরে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে।