
বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেলিম রেজাকে তাঁর সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কর্মস্থলে গিয়ে তাঁকে বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেলিম রেজার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বিরোধের বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি তা না মানলে বাড়ি দখলের হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ওই নেতাকে নিয়ে বিতর্ক তৈরি হয়।
বিষয়টি নিয়ে শুক্রবার (৬ নভেম্বর) একটি জাতীয় দৈনিকে ‘নানা বিতর্কে জাবি ছাত্রদল নেতা: মীমাংসায় চাপ নইলে দখলের হুমকি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।