
জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির সভাপতি ও অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ ছাড়া মহিলাদের নামাজের জন্য নির্ধারিত স্থানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “২০২১ সালের ১৬ জুলাই আজকের এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে মাত্র চারজন উপস্থিত ছিলেন। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর আজ মসজিদভর্তি মানুষ এই দোয়ায় অংশ নিয়েছেন। জুলাই হয়েছে বলেই এটি সম্ভব হয়েছে। তাই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।”
তিনি বলেন, “ছাত্র আন্দোলনে শহিদদের আত্মত্যাগকে সবসময় স্মরণ রাখতে হবে। তাদের আত্মদানের ফলেই জাতি স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের আদর্শকে ধারণ করতে হবে।”
উপাচার্য আরও বলেন, “জুলাই বিপ্লব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অর্জন নয়। এটি শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ সাধারণ মানুষের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ফসল। সত্য, ন্যায় ও সামাজিক ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে যুগে যুগে তরুণরাই নেতৃত্ব দিয়েছেন। শহিদ আবু সাইদ, মুগ্ধ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদসহ অসংখ্য তাজাপ্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশ পেয়েছি।”
তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম-কাম-খতিব মাওলানা মো. ছালাহ উদ্দিন।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), জবি ছাত্রদল, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।