
ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগের আগে তিনি পুলিশ সদর দপ্তরে এআইজি (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করা শামীমা পারভীন দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার পেশাগত জীবনের অন্যতম বড় অর্জন হলো হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৩৯ সদস্যের নারী ফরমড পুলিশ ইউনিটের কমান্ডার হিসেবে নেতৃত্ব দেওয়া।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টারে সহকারী কমিশনার হিসেবে নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষা ও ক্রীড়া উন্নয়নমূলক কার্যক্রমও পরিচালনা করেছেন।
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ২০২২’ অর্জন করে সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে মাস্টার অব কাউন্টার টেরোরিজম এবং মাস্টার অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজিতে এমএসএস ডিগ্রি লাভ করেন। এছাড়া ইতালির COESPU থেকে ‘প্রোটেকশন অব সিভিলিয়ান’ এবং সিডনি ইউনিভার্সিটি থেকে ‘উইমেন লিডারশিপ’ প্রশিক্ষণ নিয়েছেন।
নড়াইল জেলার সন্তান শামীমা পারভীন বর্তমানে ঢাকার অফিসার্স ক্লাব ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ফরিদা খানমকে নিয়োগ দেয় সরকার।