
মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে নতুন ধাক্কা— সংযুক্ত আরব আমিরাতে খুচরা পর্যায়ে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ গ্রাহকদের ওপর।
বুধবার (৩০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাত সরকারের অধীন ইউএই ফুয়েল প্রাইস কমিটি এক বিবৃতিতে জানায়, পেট্রোলের দাম গড়ে ৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে জিও নিউজ।
দেশটিতে ব্যবহৃত তিন ধরনের পেট্রোল— সুপার ৯৮, স্পেশাল ৯৫ এবং ই-প্লাস ৯১— সবগুলোর দামই একযোগে বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সুপার ৯৮ প্রতি লিটার বিক্রি হবে ৩ দশমিক ৬৬ দিরহামে (বাংলাদেশি মুদ্রায় ১২২ টাকা ২৯ পয়সা), স্পেশাল ৯৫ প্রতি লিটার ৩ দশমিক ৫৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১৮ টাকা ৬১ পয়সা) এবং ই-প্লাস ৯১ প্রতি লিটার ৩ দশমিক ৪৮ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১৬ টাকা ২৭ পয়সা)।
এর আগে ৩০ এপ্রিল পর্যন্ত সুপার ৯৮-এর দাম ছিল প্রতি লিটার ৩ দশমিক ৩৯ দিরহাম, স্পেশাল ৯৫ ছিল ৩ দশমিক ২৮ দিরহাম এবং ই-প্লাস ৯১ ছিল ৩ দশমিক ২০ দিরহাম।
শতকরা হিসাবে তিন ধরনের পেট্রোলের দামই প্রায় ৮ শতাংশ বাড়ানো হয়েছে, তবে ডিজেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
ইউএই ফুয়েল প্রাইস কমিটি জানিয়েছে, নতুন এই মূল্যহার ১ মে থেকে কার্যকর হবে।