
তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া সংসদ সদস্য ও বিধায়কদের দলে ফেরার জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়ের মধ্যে ফিরে না এলে ভবিষ্যতে তাদের জন্য দলের দরজা আর খোলা থাকবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী।
রোববার (৪ অক্টোবর) উত্তর দিনাজপুরে তৃণমূলের আয়োজিত বড় সমাবেশে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন মমতা। বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গে এটি ছিল দলটির অন্যতম বড় শক্তি প্রদর্শনের কর্মসূচি।
মমতা বলেন, নির্বাচনে জয়ী হতে যাদের তৃণমূল সহযোগিতা করেছে, তাদের অনেকেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের আর দলে জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে দলত্যাগীদের মধ্যে যারা ১৫ দিনের মধ্যে ফিরে আসবেন, তাদের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তৃণমূলপ্রধান।
‘নেতা নয়, কর্মীরাই দলের আসল শক্তি’
তৃণমূলকে নতুন করে সংগঠিত করার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের কর্মীদের ওপরই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান মমতা। তার মতে, দলের প্রকৃত শক্তি কোনো নির্দিষ্ট নেতা নন, বরং সাধারণ কর্মীরাই সংগঠনের ভিত্তি।
১৯৯৮ সালে যেভাবে তৃণমূল কংগ্রেসকে গড়ে তুলেছিলেন, এবারও একইভাবে দলকে নতুন করে শক্তিশালী করার সক্ষমতা তার রয়েছে বলে দাবি করেন তিনি।
দলত্যাগীদের উদ্দেশে মমতার বার্তা, নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসার সুযোগ থাকলেও পরে আর সেই সুযোগ পাওয়া যাবে না।
নির্বাচন কমিশন নিয়ে মমতার কড়া বক্তব্য
সমাবেশে ভারতের নির্বাচন কমিশন নিয়েও তীব্র সমালোচনা করেন মমতা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়িত্বে থাকা পর্যন্ত বিজেপি ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও জোরদার করতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানান পশ্চিমবঙ্গের এই নেতা।
মমতার বক্তব্য, তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধীদের ইন্ডিয়া জোট কখনো শক্তিশালী অবস্থানে যেতে পারবে না। বিজেপিকে মোকাবিলা করতে হলে তৃণমূলকে আরও শক্তিশালী করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।