
নামের মিলের জেরে দীর্ঘ ১৮ বছর কারাগারে কাটানো বাদল ফরাজীর মুক্তির দাবিতে এবার সরকারের উচ্চপর্যায়ে আবেদন জানালেন তার বোন আকলিমা বেগম। এ লক্ষ্যে গত সোমবার (১৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি জমা দিয়েছেন তিনি।
চিঠিতে আকলিমা বেগম উল্লেখ করেন, সরকার পরিবর্তন হলেও তার ভাইয়ের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আবেদনের সঙ্গে বাদল ফরাজীর দীর্ঘ কারাজীবনের বর্ণনা তুলে ধরা ‘বাদলের কারাবাস’ শীর্ষক একটি বইও সংযুক্ত করা হয়েছে।
চিঠির তথ্যমতে, ২০০৮ সালে ভ্রমণে গিয়ে নামের মিলের কারণে ভারতে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন বাদল ফরাজী। পরবর্তীতে ২০১৮ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলেও দেশে ফিরে তিনি মুক্তি পাননি।
দীর্ঘ কারাবাসের প্রভাব তার পরিবারেও গভীরভাবে পড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে তার বাবা মারা গেছেন। বর্তমানে তার মা অসুস্থ অবস্থায় রয়েছেন এবং মৃত্যুর আগে ছেলেকে একবার দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
আবেদনে আকলিমা বেগম বলেন, ভুল পরিচয়ের কারণে একজন ব্যক্তি কারাগারে থাকা মানবাধিকারের বিষয় হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন। তিনি বিষয়টি বিবেচনা করে প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বাদল ফরাজীর মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, বাদল ফরাজীর কারাবাসের বিষয়টি বিভিন্ন সময়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে। ‘বাদলের কারাবাস’ বইয়ের মাধ্যমে ঘটনাটি আরও ব্যাপকভাবে জনসমক্ষে আসে।
বর্তমানে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আবেদনকারী।