
নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল জসিম নামে এক যুবকের। সংঘর্ষে আহত হওয়ার পর জসিমকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন জামাই মো. দিদার।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. জসিম নায়েব (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে থেকেই চর আব্দুল্লা গ্রামে ধানের শীষের সমর্থক নাসির ডাক্তার ও শওকত আলী সরকারের সঙ্গে স্থানীয় মাফিক নায়েবের বিরোধ চলছিল। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। বিকেলে মাফিক নায়েবের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমেন অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবির বলেন, ‘মৃত্যুর সংবাদ আমরা শুনেছি, সত্যতা যাচাই করা হচ্ছে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারিবারিক দ্বন্দ্বের কথা শুনেছে পরে সংঘর্ষের ঘটনা কেউ জানায়নি।’