
নেত্রকোণায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী আকাশ গৌড় বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের আসমা বাজার সংলগ্ন (মডেল স্কুল মোড়) এলাকার রাধে শ্যাম গৌড়ের ছেলে।
নেত্রকোণা ডিবি পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম শুক্রবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের আসমা বাজার সংলগ্ন মডেল স্কুল মোড় এলাকায় অভিযান চালায়।
আটককৃত আকাশ গৌড়ের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে খাটের নিচে লুকিয়ে রাখা ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এসআই মো. ইকবাল হোসেন আলামত জব্দ করেন।
উদ্ধারকৃত মদের অবৈধ বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৯৬ হাজার টাকা। তবে অভিযান টের পেয়ে আকাশ গৌড়ের দুই সহযোগী মানিক মিয়া ও রঞ্জন দা ওরফে রঞ্জিত পালিয়ে যায়।
আটক আকাশ গৌড়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। শুক্রবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।