
টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্স চালিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডকে হারানোর পর রবিবার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটে পরাজিত করে তারা।
ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে জেসন হোল্ডারের তোপের মুখে পড়ে নেপাল। মাত্র ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে ষষ্ঠ উইকেটে দীপেন্দ্র সিং আইরি ও সোমপাল কামির ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপালিরা। দীপেন্দ্র সিং ৪৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন। সোমপাল করেন ২৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে নেপাল।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ৪ ওভারে ২৭ রান খরচায় ৪টি উইকেট শিকার করে ম্যাচসেরা হন।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে-তেই ব্র্যান্ডন কিংকে (২২) হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি শাই হোপ ও শিমরন হেটমায়ার। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে ১৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। শাই হোপ ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন এবং হেটমায়ার ৪৬ রানে অপরাজিত ছিলেন। ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দুই ক্যারিবিয়ান ব্যাটার।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ওমানের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল নেপাল।