
আফগানিস্তানে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন গজব লিল হক’-এ আফগান তালেবান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান।
দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এ পর্যন্ত অভিযানে ৭৯৬ তালেবান সদস্য নিহত এবং এক হাজার ৪৩ জন আহত হয়েছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, আফগান তালেবান শাসকদের অন্তত ২৮৬টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আরও ৪৪টি গুরুত্বপূর্ণ ঘাঁটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কাবুল-ভিত্তিক তালেবান প্রশাসনের উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তিনি জানান, ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান এবং ড্রোনসহ অন্তত ২৪৯টি সামরিক সরঞ্জাম পাকিস্তানের অভিযানে ধ্বংস হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তালেবান প্রশাসন।
সূত্র: জিও নিউজ