
পিতৃত্বের আইনি স্বীকৃতি পাওয়ার পর বেলজিয়ামের রাজপরিবারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ২৬ বছর বয়সী সাবেক গাড়ি বিক্রয়কর্মী ক্লেমেন্ট ভ্যান্ডেনকারকহোভ। তিনি বেলজিয়ামের প্রিন্স লরেন্ট ও দেশটির গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের সন্তান।
প্রায় ছয় মাস আগে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিন্স লরেন্ট আইনিভাবে ক্লেমেন্টকে নিজের সন্তান ও উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেন। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। রাজপুত্রের স্বীকৃতি পেলেও ক্লেমেন্ট কোনো রাজকীয় ভাতা পাবেন না এবং রাজপরিবারের উত্তরাধিকারের তালিকাতেও তার নাম থাকবে না। ফলে রাজপরিবারের কোনো জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি অংশ নেবেন না।
নিজের বাবার পদবি স্যাক্স-কোবার্গ ব্যবহার করবেন কি না, সে বিষয়েও এখনও নিশ্চিত নন ক্লেমেন্ট।
বেলজিয়ামের গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের প্রকৃত নাম আইরিস ভ্যান্ডেনকারকহোভ। প্রিন্সেস ক্লেয়ারকে ২০০৩ সালে বিয়ের আগে তার সঙ্গে প্রিন্স লরেন্টের প্রেমের সম্পর্ক ছিল।
‘ভ্যালেন্টাইন ড্রোন’ প্রামাণ্যচিত্রে ক্লেমেন্ট জানান, ২০১৩ সালে একটি শপিং সেন্টারে তার বাবার সঙ্গে দেখা হলেও তখন তারা কেউ কাউকে চিনতেন না। ১৬ বছর বয়সে মা তাকে তার বাবার পরিচয় জানান। পরে প্রিন্স লরেন্টের সঙ্গে যোগাযোগের পর ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৯ দশমিক ৫ শতাংশ মিল পাওয়ার পর ক্লেমেন্টকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন প্রিন্স লরেন্ট।
লরেন্টের এই ডিএনএ পরীক্ষা তার বাবা সাবেক রাজা দ্বিতীয় অ্যালবার্টের ঘটনাটিও মনে করিয়ে দেয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২০ সালে অ্যালবার্ট তার এক কন্যাসন্তানকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সে সময় শিল্পী ডেলফাইন বোয়েল রাজকীয় অধিকার পান এবং নিজেকে ডেলফাইন ডি স্যাক্স-কোবার্গ হিসেবে পরিচয় দেন।
২০১৩ সালে বেলজিয়ামের আইন পরিবর্তনের পর থেকে শুধু কয়েকজন নির্দিষ্ট সদস্যই রাজকীয় ভাতা পান।
সূত্র: বিবিসি