
রাজধানীর ভাটারা থানা পুলিশ টিকটকার প্রিন্স মামুন হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল মামুনকে আবারও আটক করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মো. রাকিবুল হাসান।
রাকিবুল হাসান জানান, প্রিন্স মামুনের গ্রেপ্তারের জন্য বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট ছিল, যার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
অন্যদিকে, লায়লা আক্তার ফারহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।”
এর আগে গত বছর জুনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ট্রাইব্যুনাল ওই ধর্ষণ মামলাটি খারিজ করে দেন।
লায়লা আক্তার মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য অনলাইনে প্রচারের অভিযোগও করেন। তবে গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালত এই মামলাটি খারিজের আদেশ দেন।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া, তিনি বলেন, “সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন অধ্যাদেশে এই মামলার অভিযোগ সংশ্লিষ্ট ধারা না থাকার কারণে আদালত মামলাটি খারিজ করে দিয়েছে।”