
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (১১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদী এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-ভাঙ্গা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।