
দেশের ছয় জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিনের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) রাজশাহী-তে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে এটি প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামী দুই দিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকালও দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী সময়ে শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (১৯ এপ্রিল) দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সোমবার (২০ এপ্রিল) তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।