
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। দুই বছরের চুক্তিতে তাকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
বাংলাদেশের ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুজন এবারও তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্য নিয়েই কাজ শুরু করছেন।
এর আগে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন দায়িত্ব প্রসঙ্গে সুজন বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।’
নিজের নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি। বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কোচ হিসেবে কাজ করেছি। এই নতুন দায়িত্ব আমার জন্য একেবারে উপযুক্ত। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারব।’
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ের সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ সুজন। বয়সভিত্তিক ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়েই তাকে আবারও বোর্ডের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।
৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ অতীতে বিসিবির আগের কমিটির অধীনে একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন।