
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রেক্ষাপটে তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
সফর চলাকালে তিনি বাংলাদেশের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে যোগাযোগ ও আলোচনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ সফরে বিদ্যমান সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা খাতে নতুন নতুন সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় স্থান পেতে পারে।