
ছোটপর্দার পরিচিত অভিনেত্রী তানজিন তিশা বিভিন্ন সময় নানা বিষয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। এবার দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তানজিন তিশা।
নিরাপত্তা সংকট নিয়ে উদ্বেগ
তিশার ভাষ্য, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের এমন কিছু সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, যেগুলোর মুখোমুখি হওয়ার কথা তাদের নয়। অনেক সময় এসব ঘটনাকে অন্যায় মনে হলেও সংশ্লিষ্টরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন বলেও মন্তব্য করেন তিনি।
তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
দেশে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তিশা। তার মতে, বিভিন্ন পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।
তিনি আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
বড়পর্দায় অভিষেকের অপেক্ষা
দীর্ঘ সময় ছোটপর্দায় অভিনয়ের পর এবার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। বড়পর্দায় তার প্রথম সিনেমা ‘সোলজার’।
শাকিব খানের বিপরীতে অভিনয় করা এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। বর্তমানে সেই সিনেমা মুক্তির আশায় দিন গুনছেন তিনি।