
রাজধানীর সড়কে এবার নারী চালক ও নারী কন্ডাক্টর নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করা হবে।
ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিংক রঙের এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসটির বাস পরিচালনা থেকে শুরু করে যাত্রীদের টিকিট দেওয়া—সব দায়িত্বেই থাকবেন নারী চালক ও নারী কন্ডাক্টর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং একই বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস চালুর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ ও সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন একটি উদ্যোগ যুক্ত হচ্ছে।