
রাজপথে নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে অন্য কারও কিছু করার সুযোগ থাকবে না—এমন বার্তা দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি ডিসেম্বর পর্যন্ত সব দলকে রাজপথে সক্রিয় রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতার সুযোগ না দেওয়ার পরিকল্পনাও রয়েছে এই উদ্যোগের পেছনে।
তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী জোটের ১১ দলীয় শরিকরা রাজপথে নিজেদের শক্তি প্রদর্শনে বিভিন্ন কর্মসূচি দিলেও ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসতে কয়েকটি শর্ত দিয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে গণভোটের ফলাফলের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ আরও কিছু বিষয়।
প্রধানমন্ত্রীর সংলাপের সম্ভাব্য তারিখ
সরকারি ও বিরোধী দলের একাধিক সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন। এর আগে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তবে নাহিদ ইসলামের সঙ্গে এই বৈঠকের মধ্য দিয়েই রাজনৈতিক সংলাপের সূচনা হবে, নাকি পরবর্তী সময়ে সব রাজনৈতিক দলকে নিয়ে প্রধানমন্ত্রী আলাদা সংলাপে বসবেন, সে বিষয়ে গতকাল রোববার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।