বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায়’ অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান।
আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের কোনো প্রয়োজন নেই। তিনি জোর দিয়ে বলেন, কেবল নতুন আইন প্রণয়ন করলেই চলবে না, বরং সেটির কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, এর জন্য শুধু পুঁজি বা অবকাঠামোই যথেষ্ট নয়, আইনের শাসনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। এ ছাড়া যেকোনো বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলে বিনিয়োগকারীরা যেন দেশের বিচারব্যবস্থার ওপর ভরসা রাখতে পারেন, তা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।